স্বপন কুমার ঢালী, বেতাগী :
বরগুনার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে বেতাগী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন, যারা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার ভূমিকা পালন করবেন।প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণের পূর্বপ্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা, ব্যালট পেপার ও নির্বাচন সামগ্রী সংরক্ষণ, ভোটগ্রহণ চলাকালীন করণীয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং ভোট গণনা শেষে ফলাফল প্রেরণের নিয়মাবলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে ভোটারদের সঙ্গে শালীনতাপূর্নন আচরণ, নিরপেক্ষতা বজায় রাখা এবং নির্বাচনী আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাছলিমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার তাজবীর হোসেন সজীব, বরগুনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুকিত, সহকারি রিটানিং কর্মকর্তা ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ: সাদ্দাম হোসেন, জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, “সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করলে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণ হবে।” জেলা প্রশাসক আরও বলেন, দায়িত্ব পালনের সময় কোনো ধরনের শৈথিল্য বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা, প্রশিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা বিভিন্ন সেশন পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন এবং বাস্তবভিত্তিক নানা প্রশ্ন উপস্থাপন করেন, যার উত্তর প্রশিক্ষকরা দেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।