স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার বিভিন্ন বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে উঠেছে বেতাগী পৌর শহরের প্রধান প্রধান মার্কেট ও বিপণিবিতান। নতুন পোশাক, জুতা, প্রসাধনী, গয়না এবং ঈদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী কিনতে দলে দলে মানুষ ভিড় করছেন দোকানগুলোতে।বেতাগী পৌর শহরের বাসস্ট্যান্ড বাজার, পৌর মার্কেট ও আশপাশের মার্কেটগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে পোশাকের দোকানগুলোতে। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সবার জন্যই রয়েছে বাহারি ডিজাইনের পোশাক। রেডিমেট পোশাক বিক্রেতা মনির হোসেন বলেন, ‘ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের চাপ।’বেতাগী বাজারের রাজলক্ষ্মী কাপড় ব্যবসায়ী রাকেশ সিংহ বলেন,’রমজানের শুরুতে বেচাকেনা কিছুটা কম থাকলেও বর্তমানে তা অনেক বেড়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকছে। ক্রেতাদের মধ্যে ঈদের আনন্দ ও উৎসাহ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাক কিনতে অনেকেই একাধিক দোকান ঘুরে দেখছেন। কেউ কিনছেন নিজের জন্য, আবার কেউ পরিবারের ছোটদের জন্য ঈদের নতুন জামা-কাপড়।তবে অনেক ক্রেতা অভিযোগ করেছেন, কিছু দোকানে পোশাকের দাম তুলনামূলক বেশি রাখা হচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে।ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে শুধু পোশাকের দোকান নয়, মিষ্টির দোকান, জুতার দোকান ও কসমেটিকসের দোকানেও বেড়েছে বেচাকেনা। ফলে পুরো বেতাগী বাজারে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বেতাগী পৌর শহরের ব্যবসায়ীরা বলেন, ঈদ যত ঘনিয়ে আসবে ততই আরও বাড়বে বেচাকেনা এবং ঈদের আনন্দে মুখর হয়ে উঠবে পুরো বেতাগী।