শেফাইল উদ্দিন, কক্সবাজার
ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কীর্তন ও ধর্মীয়-সাংস্কৃতিক নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) শহরের গোলদীঘিরপাড়ে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে সকাল থেকেই গোলদীঘিরপাড় ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।বিকেলে গোলদীঘিরপাড় থেকে বের করা হয় বর্ণাঢ্য মহা শোভাযাত্রা। কীর্তন, ধর্মীয় সংগীত, নানা সাজসজ্জা ও ধর্মীয় আবহে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলদীঘিরপাড়ে এসে শেষ হয়। পথে পথে সাধারণ মানুষও শোভাযাত্রা দেখতে জড়ো হন এবং অনেকে এতে অংশ নেন।এর আগে গোলদীঘিরপাড়ে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভগবান শ্রীকৃষ্ণের জীবন, দর্শন, কর্ম ও মানবকল্যাণের শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও আদর্শ মানবসমাজকে সত্য, ন্যায়, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর দর্শন অনুসরণ করে সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে।জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অর্থ সম্পাদক জয় পালের সঞ্চালনায় এবং সভাপতি দীপক শর্মা দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাপ্পি শর্মা ও সাধারণ সম্পাদক বলরাম দাশসহ অনেকে।বক্তারা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও কর্ম মানবকল্যাণ, ন্যায়, সত্য ও শান্তির বার্তা বহন করে। তাঁর আদর্শ ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান তারা।দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে ভক্তরা পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি স্মরণ করেন।