সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
জনগণকে সেবা দিতে গিয়ে নিজেরাই আজ জীবনের ঝুঁকিতে। রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভা ভবনের বর্তমান অবস্থা দেখলে যে কারো গা শিউরে উঠবে।পৌরসভার ছাদের বিভিন্ন অংশের পলেস্তারা খসে পড়েছে। দেয়ালেও দেখা দিয়েছে বড় বড় ফাটল। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তা-কর্মচারীরা।ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন, পৌরসভার অফিস কক্ষের ছাদের প্লাস্টার খসে রড-সিমেন্ট বের হয়ে গেছে। এর নিচেই বসে প্রতিদিন শত শত মানুষকে সেবা দিচ্ছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, প্রতিদিন অফিসে এসে ভয়ে থাকি। মাথার উপর কখন কি পড়ে যায়। তারপরও জনগণের কাজ ফেলে রাখতে পারি না। জীবনের ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছি।জনদুর্ভোগের আশঙ্কা শুধু কর্মকর্তা-কর্মচারী নয়, ঝুঁকিতে রয়েছেন প্রতিদিন সেবা নিতে আসা সাধারণ মানুষও। জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, কর প্রদানসহ বিভিন্ন কাজে প্রতিদিন শতাধিক মানুষ এই ভবনে আসেন।স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে ভবনটির এই বেহাল দশা। কিন্তু কার্যকর কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।এ বিষয়ে পৌরসভার সংশ্লিষ্টরা জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। দ্রুত ভবনটি সংস্কারের জন্য বরাদ্দ প্রয়োজন।বাঘাইছড়িবাসীর প্রাণের দাবি, জনগণের সেবা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে অবিলম্বে পৌরসভা ভবনটির সংস্কার করা হোক।