দুলাল ফেরদৌস বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে বরগুনার বেতাগীতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ে তুলি ইনসাফের বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন ‘বেতাগী জনকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেতাগী মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী জনকল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান মো: কামাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের সম্মাননা তুলে দেন বেতাগী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান।সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ শাহাদ হোসেন মুন্না-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বেতাগী জনকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সোহরাব হোসেন।প্রধান অতিথির বক্তব্যে এসি ল্যান্ড নুসরাত জাহান বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও সততার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের সৎ ও ইনসাফভিত্তিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো: কামাল হোসেন কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।সংবর্ধনা পর্ব শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, সংবাদকর্মী, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।