নিজস্ব প্রতিবেদক আনিছুরজ্জামান খোকন
রাজধানীর বাড্ডা এলাকার জাগরণী সংসদকে ঘিরে ২৪ ঘণ্টা জুয়া ও কথিত দেহব্যবসার আসর পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র সেখানে বিভিন্ন অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে।অভিযোগ রয়েছে, জাগরণী সংসদে দিন-রাত অবাধে জুয়ার আসর বসে এবং নারীদের ব্যবহার করে কথিত দেহব্যবসার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে আশপাশের পরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।আরও গুরুতর অভিযোগ হলো—এসব বিষয়ে তথ্য সংগ্রহ ও সাংবাদিকরা সংবাদ প্রকাশের চেষ্টা করলে তাদের ওপর হামলা ও মারধর করা হয়। সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সংবাদ সংগ্রহ থেকে বিরত রাখারও অভিযোগ উঠেছে। এতে স্বাধীনভাবে সাংবাদিকতার দায়িত্ব পালনের পরিবেশ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয়দের দাবি, কারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, কীভাবে এত দীর্ঘ সময় ধরে এমন কার্যক্রম চলছে এবং এর পেছনে কারও প্রভাব বা পৃষ্ঠপোষকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।সচেতন মহলের প্রশ্ন, একটি প্রতিষ্ঠানে যদি সত্যিই ২৪ ঘণ্টা জুয়া ও কথিত দেহব্যবসার মতো কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নজরদারি কোথায়?এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।তবে এসব অভিযোগের বিষয়ে জাগরণী সংসদ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।