নিজস্ব প্রতিবেদক
বরগুনার আমতলীতে গরু চুরির মামলার তদন্তে লিটন ঢালী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি ও প্রতারণাসহ মোট ১৮টি মামলা রয়েছে।গ্রেপ্তার লিটন ঢালী তালতলী উপজেলার ভাইজোড়া (ব্রিজঘাটা) এলাকার সামসু ঢালীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ২০২৪ সালের ১ ডিসেম্বর ভোরে আমতলী থানার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার এলাকায় চারটি গরুসহ স্থানীয়দের হাতে আটক হন লিটন ঢালী।
ওই সময় স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, গরুগুলো নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে টমটম গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা গন্তব্যে পৌঁছাতে পারেননি। তার সঙ্গে থাকা অন্যরা গাড়ির সন্ধানে বের হয়ে আর ফিরে আসেনি বলেও তিনি দাবি করেন।ঘটনার খবর ছড়িয়ে পড়লে চাউলা বাজার ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাজার কমিটির সদস্যরা পুলিশ আসা পর্যন্ত লিটন ঢালীকে নিরাপদ স্থানে রাখেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এ সময় ৩ নম্বর আঠারগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন, ইউপি সদস্য মোঃ লিয়ন তালুকদার ও গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে লিটন ঢালীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পুলিশ জানায়, ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি লিটন ঢালী দীর্ঘদিন পলাতক ছিলেন। পরবর্তীতে আমতলীতে একটি গরু চুরির মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর ১২ সেপ্টেম্বর ২০২৬ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার লিটন ঢালীর বিরুদ্ধে পাঁচ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি ও প্রতারণাসহ ১৮টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।