মোহাম্মদ সফর মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি;
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যৌতুকের দাবিতে মুন্নি আক্তার (২৮) নামের এক গৃহবধূকে মারধর করে ভাড়া বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মোহাম্মদ আবু ইউসুফের (৩৪) বিরুদ্ধে। এ ঘটনায় মুন্নি আক্তার নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে স্বামী আবু ইউসুফ, বাসার কেয়ারটেকার আলমগীর হোসেন (৬০)সহ আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করা হয়েছে।মুন্নি আক্তারের অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা মুন্নির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আবু ইউসুফের পরিচয় হয়। পরে তাঁদের বিয়ে হয়। অভিযোগে বলা হয়েছে, বিয়ের সময় মুন্নি তাঁর বাবার বাড়ি থেকে পাওয়া পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা স্বামীকে দেন। তাঁদের দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা।অভিযোগে আরও বলা হয়, বিয়ের পর প্রায় দেড় বছর তাঁরা ঢাকায় বসবাস করেন। গত তিন মাস ধরে তাঁরা নবীনগর পৌরসভার কলেজপাড়ার বেলজিয়াম হাউজে ভাড়া থাকছিলেন। বিয়ের কিছুদিন পর থেকেই আবু ইউসুফ আরও টাকা ও আসবাবপত্র এনে দেওয়ার জন্য মুন্নির ওপর চাপ দিতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। বাবার বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা এনে দিতে না পারায় তাঁকে বিভিন্ন সময় মারধর ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।মুন্নি আক্তারের ভাষ্য, গত ১২ সেপ্টেম্বর সকাল আটটার দিকে যৌতুকের টাকার জন্য তাঁকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে বাসা থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি বাসার কেয়ারটেকার আলমগীর হোসেনকে জানালে তিনিও তাঁকে বাসা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন বলে অভিযোগ করেন মুন্নি। পরে বাসায় তালা লাগিয়ে দেওয়ায় কয়েক দিন ধরে তিনি ভাড়া বাসায় ঢুকতে পারছেন না বলেও অভিযোগে উল্লেখ করেন।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবু ইউসুফের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোরশেদুল আলম চৌধুরী জানান, গৃহবধূর লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।