মোঃ বজলুর রহমান
কৃষকদের কাছে সার সরবরাহ আরও সহজলভ্য ও সুশৃঙ্খল করতে নতুন সার ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে ডিলারশিপের জন্য আবেদন করা ব্যবসায়ীদের দোকান ও সার সংরক্ষণের গোডাউন সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য যাচাই করছে প্রশাসন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ও ফুকুরহাটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগের আবেদনকারীদের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। নতুন নীতিমালার আলোকে আবেদনকারীদের যোগ্যতা, ব্যবসা পরিচালনার পরিবেশ, সার সংরক্ষণের উপযোগী গোডাউনসহ বিভিন্ন বিষয় যাচাই করা হচ্ছে।
এদিন ধানকোড়া বাজারে মেসার্স রাজিব ট্রেডার্সের বিক্রয়কেন্দ্র ও গোডাউন পরিদর্শন করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম। তিনি দোকান ও গোডাউনের অবকাঠামো, সার সংরক্ষণের ব্যবস্থা এবং ডিলারশিপের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম জানান, একদিনে মোট ২৩ জন আবেদনকারীর দোকান ও গোডাউন পরিদর্শন এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। এর মধ্যে ধানকোড়া ইউনিয়নে ১২ জন এবং ফুকুরহাটি ইউনিয়নে ১১ জন আবেদনকারী রয়েছেন।
তাদের প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট তথ্যপত্রও যাচাই করা হচ্ছে।প্রশাসনের এ কার্যক্রমের মাধ্যমে আবেদনকারীদের বাস্তব সক্ষমতা ও নির্ধারিত শর্ত পূরণের বিষয়গুলো যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রশাসন।পরিদর্শনকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মৌসুমী তান্নী, উপসহকারী কৃষি অফিসার আবুল কালাম আজাদ ও নাজমুল কামাল উপস্থিত ছিলেন।