সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রাণকেন্দ্র বটতলী রোডের বিভিন্ন অংশ খানাখন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন হাজারো যাত্রী, শিক্ষার্থী ও পথচারীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে দেখা যায়, বন্যার পানিতে সড়কের পিচ-ঢালাই উঠে গিয়ে অধিকাংশ স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টির পানিতেই গর্তগুলোতে পানি জমে সড়কটি রূপ নেয় কাদামাটির জলাশয়ে। এ কারণে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।এ সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং সাধারণ পথচারীরা নিয়মিত যাতায়াত করে থাকেন। কয়েকজন শিক্ষার্থী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই রাস্তা দিয়ে স্কুল-কলেজে যাই। অটো উল্টে যায়। ব্যাগ-বই সব কাদা হয়ে যায়। বৃষ্টি হলে তো কথাই নেই।অটোরিকশা চালক হালিম বলেন, এই রাস্তায় গাড়ি চালানো যায় না। গাড়ির পার্টস ভেঙে যায়। যাত্রীরাও ভয়ে উঠতে চায় না।স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু বছরের পর বছর ধরে রাস্তার কোনো সংস্কার নেই।বটতলী গ্রামের বাসিন্দা ও বাঘাইছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ বলেন,বটতলী রাস্তার বেহাল দশা উপজেলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অবিলম্বে বটতলী রাস্তার টেকসই সংস্কার ও নতুন করে পিচ-ঢালাই করার দাবি জানাচ্ছি।এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সাজু আহমেদ বলেন, বিষয়টি আমরা অবগত আছি। বরাদ্দ সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে বটতলী রাস্তার প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করা হবে।