নিজস্ব প্রতিবেদ আনিছুরজ্জামান খোকন শাখারিয়াতে সড়ক দুর্ঘটনায় ফেরদাউস খান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর ইপিজেডের শরিফ বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফেরদাউস খান বরগুনা, আমতলী,শাখারিয়া এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী মোঃ শানু খানের ছোট ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদাউস খান মোটরসাইকেলযোগে শাখারিয়া থেকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত বোরাক হঠাৎ ঘুরে যাওয়ার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ফেরদাউস খান ছিটকে গিয়ে একটি তালগাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের অভিযোগ, ঢাকা–কুয়াকাটা মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, বোরাকসহ বিভিন্ন অননুমোদিত যানবাহনের চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এসব যানবাহন হঠাৎ মোড় নেওয়া, বিপরীতমুখী চলাচল ও মহাসড়কে অনিয়ন্ত্রিতভাবে প্রবেশের কারণে সাধারণ যাত্রীরা ঝুঁকির মধ্যে পড়ছেন বলে তারা জানান।এ ঘটনায় এলাকাবাসী মহাসড়কে লাইসেন্স ও অনুমোদনহীন ব্যাটারিচালিত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি মহাসড়কে যানবাহন চলাচলে আইন ও নিরাপত্তা বিধি কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানিয়েছেন তারা।