স্টাফ রিপোর্টর: আমিনুর ইসলাম
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই ড্রেজার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার পয়লা ইউনিয়নের শ্রীধরনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— আলামিন মিয়া (২৮) এবং শাকিল মিয়া (২৬)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের শ্রীধরনগর এলাকায় নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পরিবেশ হুমকির মুখে পড়ে। খবর পেয়ে ১৬ সেপ্টেম্বর উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে বালু তোলার দায়ে আলামিন ও শাকিলকে আটক করা হয়।
পরবর্তীতে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী দোষী ন্যস্ত করে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ (এক লাখ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। নদী ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন কঠোর ও সময়োপযোগী আইনি পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।