মো. আলাউদ্দিন:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের অসহায় নারী রৌশন আরা বেগম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসার ব্যয় বহন করতেই যেখানে তাকে হিমশিম খেতে হচ্ছে, সেখানে জরাজীর্ণ ঘরটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রৌশন আরার বসবাসের ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টি হলে ঘরের বিভিন্ন অংশ দিয়ে পানি পড়ে এবং প্রতিকূল আবহাওয়ায় সেখানে বসবাস করা তার জন্য কষ্টকর হয়ে ওঠে। ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত এই নারীর পক্ষে নিজের সামর্থ্যে একটি নিরাপদ বাসস্থান তৈরি করা সম্ভব হচ্ছে না।অসহায় রৌশন আরার দুরবস্থার বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন। সরকারি বরাদ্দের টিন পাওয়া গেলেও ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী ও শ্রমিকের খরচ জোগাড় করা তার পক্ষে সম্ভব না হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান নিজ উদ্যোগে অসুস্থ রৌশন আরার হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।এ সময় ইউএনও কায়েসুর রহমান বলেন, রৌশন আরা বেগম অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছেন। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার পাশাপাশি নিরাপদে বসবাসের জন্য একটি ভালো ঘর প্রয়োজন। সরকারি টিন বরাদ্দ থাকলেও ঘর নির্মাণের আনুষঙ্গিক ব্যয় বহন করা তার পক্ষে কঠিন। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলো যদি এগিয়ে আসে, তাহলে এই অসহায় মায়ের একটি নিরাপদ ঘরে বসবাসের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। আমি সকলের প্রতি রৌশন আরার পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।স্থানীয় বাসিন্দারাও রৌশন আরার চিকিৎসা ও বসবাসের জন্য একটি নিরাপদ ঘর নির্মাণে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সম্মিলিত সহযোগিতায় অসুস্থ এই নারীর কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।