নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীর আলম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নিশিতা ইয়াসমিন ঐশি (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত বলে পুলিশের দাবি করা নগদ ৬৩ হাজার টাকা এবং চারটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মো. রফিকুল ইসলামের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে নিশিতা ইয়াসমিন ঐশিকে আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও চারটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।গ্রেপ্তার নিশিতা ইয়াসমিন ঐশি আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের সরদারপাড়ার মীর সাইদুর ইসলাম খোকনের মেয়ে। তিনি বর্তমানে আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরের মাগুরাপাড়ায় ওসমান আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বানী ইসরাইল বলেন, গ্রেপ্তার তরুণীর কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও চারটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।