স্বপন কুমার ঢালী, বেতাগী:
বরগুনার বেতাগী উপজেলায় গতকাল বুধবার গভীর রাতে সরকারি দুইটি গুরুত্বপূর্ণ পরিবার পরিকল্পনা ও জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে অফিসের তালা ভেঙে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। একই রাতে পৃথক দুই অফিসে চুরির ঘটনায় পুরো পৌর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ। বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা বেতাগী পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি পরিবার পরিকল্পনা ও উপজেলা পরিষদ ভবনের পশ্চিম পাশে অফিসের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারী থেকে নগদ দেড় লক্ষাধিক টাকা নিয়ে যায়। এসময় গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও মূল্যবান মালামাল তছনছ করে ফেলে যায়। চোরেরা নগদ অর্থ ও অফিসের প্রয়োজনীয় সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজে এসে তালা ভাঙা ও কক্ষের ভেতরে এলোমেলো অবস্থা দেখে বেতাগী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ শুরু করে।
একটি অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “রাতে পাহারার কোনো ব্যবস্থা জোরদার না থাকায় চোরেরা সহজেই ভেতরে ঢুকতে পেরেছে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত।”
এদিকে একই রাতে দুই সরকারি অফিসে চুরির ঘটনায় শহরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। অনেক ব্যবসায়ী ও বাসিন্দা রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, দ্রুত নিয়মিত টহল জোরদার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হোক।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুয়েল ইসলাম বলেন, চুরির ঘটনায় বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং সন্দেহভাজনদের শনাক্তে কাজ চলছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”