মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে দায়সুধির টাকা ফেরত দেওয়ার পরও পুকুরের দখল বুঝে না দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল আলীর বিরুদ্ধে। এ নিয়ে ভয়ভীতি ও হুমকির অভিযোগ করে মানিকগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন পুকুরের মালিক আমিন খান (৬৫)।অভিযোগ সূত্রে জানা যায়, তরফ আটিগ্রাম মৌজার ২৩৪২ নম্বর দাগে প্রায় ৬০ শতাংশের একটি পুকুর ২০২১ সালে ৩ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে আব্দুল আলীর কাছে দায়সুধি রাখা হয়। সম্প্রতি আমিন খান টাকা ফেরত দিয়ে পুকুরের দখল বুঝে নিতে চাইলে আব্দুল আলী টাকা গ্রহণ ও দখল ছাড়তে রাজি হচ্ছেন না বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে আরও প্রায় ১২০ শতাংশের একটি পুকুর দখলের অভিযোগও রয়েছে।আমিন খানের অভিযোগ, আব্দুল আলী নিজেকে মানিকগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন এবং কয়েকজন বিএনপি নেতাকর্মীর মদদে পুকুরের দখল ধরে রাখার চেষ্টা করছেন। গত ৬ সেপ্টেম্বর রাতে কয়েকজন লোক নিয়ে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি।তবে আব্দুল আলী অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।সম্ভাব্য সংঘাত এড়াতে দ্রুত বিষয়টি নিষ্পত্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।