বিশেষ প্রতিনিধিঃ
বরগুনার বামনায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ধস্তাধস্তিতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে বামনা থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাখালি এলাকায় মঞ্জু শিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার হওয়া আসামির নাম সাইফুল ইসলাম খোকন ওরফে চান্দি খোকন (৪৭)। তিনি বামনা উপজেলার সোনাখালি এলাকার মৃত হারুনুর রশিদ চৌকিদারের ছেলে। তিনি একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় আদালতের পরোয়ানা থাকায় সাইফুল ইসলাম খোকনকে গ্রেপ্তারের জন্য শনিবার রাতে অভিযান পরিচালনা করে বামনা থানা পুলিশ। থানার এএসআই মো. আমির হোসেনের নেতৃত্বে দুইজন কনস্টেবল অভিযানে অংশ নেন। পরে সোনাখালি এলাকার মঞ্জু শিকদারের বাড়ির সামনে থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়।পুলিশের দাবি, গ্রেপ্তারের পর খোকন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই মো. আমির হোসেন আহত হন। এ সময় তার পরনের জামাও ছিঁড়ে যায়। অভিযানে থাকা আরও এক পুলিশ সদস্য ধস্তাধস্তির ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।পরে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাইফুল ইসলাম খোকন ওরফে চান্দি খোকনকে আটক করে থানায় নিয়ে যান। তার বিরুদ্ধে মাদক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে বামনা থানা পুলিশ।বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং বামনা উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।