বিশেষ প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেলা পুলিশের আগস্ট মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন। একই থানার আরও পাঁচ কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।রোববার (২০ সেপ্টেম্বর) বরগুনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক উদ্ধার, মামলার তদন্ত, ওয়ারেন্ট তামিল ও জনসেবাসহ পুলিশের বিভিন্ন কার্যক্রমের সামগ্রিক মূল্যায়ন শেষে মো. ইয়াকুব হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।সভায় সভাপতিত্ব করেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।এদিকে আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আল মামুন হাওলাদার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।একই থানার একাধিক কর্মকর্তার এ সাফল্যকে আমতলী থানার দলগত কর্মদক্ষতা, সমন্বিত উদ্যোগ ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মো. ইয়াকুব হোসেন বলেন, এ অর্জন আমার একার নয়। আমতলী থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে চাই।