শেফাইল উদ্দিন, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ-পোকখালী সংযোগস্থলে পারাপারের কাঠের সাঁকো ভেঙে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এ পারাপার পথটি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিনের যাতায়াতে বিপাকে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। দ্রুত সেখানে একটি স্থায়ী ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে জালালাবাদ ইউনিয়নের মনজুর মৌলভীর দোকান সংলগ্ন এলাকায় পোকখালী পারাপারের কাঠের সাঁকোটি ভেঙে যায়। এতে দুই পাড়ের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন আগে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ওই স্থানের ব্রীজটি ভেঙে যায়। পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে কাঠের সাঁকো তৈরি করে সাময়িকভাবে পারাপারের ব্যবস্থা করেন। কিন্তু সোমবার সকালে সেই কাঠের সাঁকোটিও ভেঙে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, চাকরিজীবী ও জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ বেশি ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, প্রতিদিন এই পথ দিয়ে দুই পাড়ের বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন।জালালাবাদ বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল আলম বলেন, সোমবার ভোরে মনজুর মৌলভীর দোকান পয়েন্টে জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকোটি ভেঙে যায়। এতে ওই পথে চলাচলকারী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।স্থানীয় চাকরিজীবী আবদুল্লাহ বলেন, সাঁকোটি ভেঙে যাওয়ায় প্রতিদিন সহস্রাধিক মানুষ নানা প্রয়োজনে যাতায়াতে সমস্যায় পড়ছেন। দ্রুত একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করা প্রয়োজন।জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন কাঠের সাঁকোটি ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সাঁকো দিয়ে দুই পাড়ের অসংখ্য মানুষ নিয়মিত যাতায়াত করতেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে।এলাকাবাসী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।