শেফাইল উদ্দিন, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁওয়ের ‘ঈদগাহ মডেল হাসপাতাল’ অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসাবঞ্চিত না হন—এ লক্ষ্যকে সামনে রেখে দরিদ্র ও অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছেন। গত এক বছরে হাসপাতালের নিজস্ব তহবিল থেকে অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসায় প্রায় ১১ লাখ ৮১ হাজার ৭৪৭ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।এছাড়া গর্ভবতী নারীদের বিশেষ চিকিৎসাসেবা এবং অর্থসংকটে থাকা রোগীদের জন্য ‘কর্জে হাসনা’ বা সুদমুক্ত ঋণের ব্যবস্থাও চালু রেখেছে প্রতিষ্ঠানটি।এ কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইউসুফ আলী।সভায় হাসপাতালের এক বছরের কার্যক্রম তুলে ধরে ডা. মো. ইউসুফ আলী বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই গরিব ও অসহায় মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করে আসছি। গত এক বছরে হাসপাতালের নিজস্ব ফান্ড থেকে দরিদ্র ও দুস্থ মানুষের চিকিৎসায় প্রায় ১১ লাখ ৮১ হাজার ৭৪৭ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।”তিনি বলেন, চিকিৎসার জন্য তাৎক্ষণিক অর্থের প্রয়োজন হলেও সামর্থ্য না থাকায় অনেক রোগী চিকিৎসা নিতে পারেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি অর্থসংকটে থাকা রোগীদের জন্য সুদমুক্ত ‘কর্জে হাসনা’র ব্যবস্থা রাখা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাতৃকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গর্ভবতী নারীদের জন্য বিশেষ চিকিৎসাসেবার ব্যবস্থাও রয়েছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল নারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।মতবিনিময় সভায় হাসপাতালের অর্থ বিভাগের মাওলানা আবু বকর ফরাজি, ম্যানেজার আবু বকর, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম উদ্দীন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক কালের সমাজ কক্সবাজার প্রতিনিধি শেফাইল উদ্দিন,আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক মিল্লাত প্রতিনিধি এইচ এন আলম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মিছবাহ উদ্দীন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ছলিম উল্লাহ সেলিম, এশিয়ান টিভি প্রতিনিধি ওসমান গনি, মেহেদী প্রতিনিধি মনছুর আলম, দৈনিক হিমছড়ি প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক সকালের সময় প্রতিনিধি আবু হেনা সাগর, দৈনিক কক্সবাজার ৭১ প্রতিনিধি আজিজুর রহমান রাজু, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি আবু বকর চৌধুরী ও দৈনিক আজকের কক্সবাজার প্রতিনিধি মো. সেলিমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান, অসহায় রোগীদের সহায়তা কার্যক্রম, মাতৃস্বাস্থ্যসেবা, ‘কর্জে হাসনা’ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।অর্থের অভাবে চিকিৎসা থেমে না যাক—এমন মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় ঈদগাহ মডেল হাসপাতালের এ কার্যক্রম স্থানীয় পর্যায়ে অসহায় মানুষের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা তৈরি করছে।।