বিশেষ প্রতিনিধি,বরগুনা
বরগুনার পাথরঘাটায় প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবিসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকার বিষখালী নদীতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। পরে সড়কে তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যানটিও জব্দ করে কোস্টগার্ড।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।কোস্টগার্ড সূত্র জানায়, অভিযানে প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভাবে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় পাঞ্জাবি জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।আটক ব্যক্তিরা হলো,পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া গ্রামের মানিক সরদারের ছেলে সোহাগ সরদার (৩২), মহিপুর থানার পশ্চিম খাজুরা গ্রামের মোহাম্মদ আলম মোল্লার ছেলে মনজুর মোল্লা (৩২), রাঙ্গাবালী উপজেলার মৌডুবি গ্রামের নাসির হাওলাদারের ছেলে সাগর হাওলাদার (৩৮), কলাপাড়া উপজেলার খলিলপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন গাজীর ছেলে রেজাউল গাজী (৩৭) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানকালি গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে বিল্লাল হাওলাদার (৪৫)।কোস্টগার্ড জানায়, জব্দ করা পণ্য, ট্রলার ও কাভার্ড ভ্যানসহ আটক পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের পাথরঘাটার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।