স্টাফ রিপোর্টার। জয়নাল আবেদীন রাজু
ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬:জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে নিরাপদে দেশে ফেরায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মণি, এমপি।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার সকালে দেশে ফেরেন। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটি ছিল তারেক রহমানের প্রথম অংশগ্রহণ এবং সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে তাঁর প্রথম ভাষণ। ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি বিশ্বশান্তি, আন্তর্জাতিক সহযোগিতা, বহুপাক্ষিকতা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের পুনর্গঠন ও রূপান্তরের লক্ষ্যে Recovery, Restoration and Reconstruction—‘৩-আর’ কৌশল বাস্তবায়নের কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।চীফ হুইপ নূরুল ইসলাম মণি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই আন্তর্জাতিক সফরের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা আরও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।পরিশেষে চীফ হুইপ নূরুল ইসলাম মণি প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অব্যাহত সাফল্য কামনা করেন।