সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়িতে আবারও বড় ধরনের সাফল্য দেখালো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় লাইট মেশিনগান (LMG), বিদেশী গুলি এবং বিদেশী ব্র্যান্ডের সিগারেটের একটি বড় চোরাচালান জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশীয় লাইট মেশিনগান, বিদেশী গুলি এবং বিদেশী ব্র্যান্ডের সিগারেটের একটি বড় চোরাচালান আটকের উদ্দেশ্যে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন মারাত্বক পাহাড় টিএনটি মোড় সংলগ্ন স্থানে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক বিএ-৭৬২৪ লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস ও ১ x বি টাইপ টহল দল ফাঁদ পেতে বসে থাকে।আনুমানিক রাত ২২:০০ ঘটিকার সময় অজ্ঞাত ০৩-০৪ জন চোরাকারবারী মোটরসাইকেল যোগে মারাত্বক পাহাড় টিএনটি মোড় এর কাছাকাছি আসলে বিজিবি টহল দল কর্তৃক ধাওয়া করলে চোরাকারবারীরা ০২টি প্লাস্টিকের বস্তা ও একটি ছোট ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক এলাকা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪,৪০,৬০০/- (চার লক্ষ চল্লিশ হাজার ছয়শত) টাকা মাত্র।এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইদানীং চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাই মারিশ্যা জোন কর্তৃক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।