শেফাইল উদ্দিন, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের প্রায় চার ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাকারা এলাকা থেকে ইসফাতুল ইসলাম জিসানকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। এরপর স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।পরে সোমবার ভোর আনুমানিক ৩টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়দের দাবি, মরদেহের গলা ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে এসব আঘাত কীভাবে এবং কারা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইসফাতুল ইসলাম জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না।এদিকে, ছাত্রদল নেতাকে অপহরণের পর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে অপহরণ ও হত্যা করা হয়েছে—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।