সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত রুপকারী এলাকায় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রবিবার (৪ অক্টোবর, ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন ৩৪ নং রুপকারী ইউনিয়নের রুপালী উচ্চ বিদ্যালয় মাঠে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।দিনব্যাপী এই ক্যাম্পে রুপকারী ও আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ২৬৪ জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।চিকিৎসা সেবা প্রদান করেন বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব এবং ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ।এ সময় উপস্থিত ছিলেন, বাঙালি পাড়ার মেম্বার মো. নুরু, কারবারি বিজয় সেন, মেম্বার নিউটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাঘাইহাট জোন নিয়মিত এ ধরনের কর্মসূচি পরিচালনা করে আসছে। এর আগে ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকায় এম. এ. গাফফার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকার কমিউনিটি ক্লিনিক এবং ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রীতির বন্ধন অটুট রেখে দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।