সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
যেখানে পাহাড়ের বুক চিরে যাওয়া সাজেক সড়ক অবরোধে স্তব্ধ জনজীবন, যেখানে দুর্গম পথ পাড়ি দেওয়াই এক কঠিন চ্যালেঞ্জ, সেখানেই মানবতার আলোকবর্তিকা হয়ে ছুটে গেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রত্যন্ততাকে জয় করে, সকল প্রতিকূলতাকে তুচ্ছ করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যে অনন্য দৃষ্টান্ত সেনাবাহিনী স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের আওতাধীন করেঙ্গাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে আজ ১১ অক্টোবর ২০২৬, সকাল ০৭:৩০ ঘটিকা থেকে জারুলছড়ি এলাকার নতুন দোকান নামক প্রত্যন্ত জনপদে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।এই মহতী কার্যক্রমে সরাসরি উপস্থিত ছিলেন, করেঙ্গাতলী ক্যাম্পের সুযোগ্য ক্যাম্প কমান্ডার মেজর নাহিদ বিন হাফিজ। তাঁর সার্বিক তত্ত্বাবধানে ও অনুপ্রেরণায় বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব, স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণকে অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেন।পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে সেনাবাহিনীর এই চিকিৎসা ক্যাম্প যেন পরিণত হয়েছিল এক মিলনমেলায়। এ পর্যন্ত আনুমানিক ৯০ জন অসহায়, দুস্থ পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। কার্যক্রম এখনো চলমান রয়েছে।সাজেক সড়ক অবরোধের কারণে যখন পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, যখন জরুরি ঔষধ বা চিকিৎসকের কাছে পৌঁছানো সাধারণ মানুষের জন্য দুঃসাধ্য, ঠিক তখনই বাংলাদেশ সেনাবাহিনী প্রমাণ করেছে তারাই জনগণের প্রকৃত বন্ধু। দুর্গম পাহাড়, বৈরী আবহাওয়া কোনো কিছুই তাদের মানবিকতাকে রুখতে পারেনি।স্থানীয়রা জানান, এই দুর্গম এলাকায় সেনাবাহিনীই তাদের শেষ ভরসা। সুখে-দুঃখে, আপদে-বিপদে সেনাবাহিনীকে তারা সবসময় পাশে পেয়েছে।এ বিষয়ে বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা নিয়োজিত।