রিপোর্টার (সুলেখা)
ঢাকার কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জিনজিরা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকা থেকে তাঁকে আটক করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীনের প্রত্যক্ষ নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সরাসরি তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) আশফাক রাগীব হাসানের নেতৃত্বে অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ তানভীর হোসেন ভূইয়াসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়।গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের গোলাম বাজার পূর্ব বন্দডাকপাড়া এলাকার মৃত মোঃ আনোয়ার হোসেন ও মৃত হামিদা বেগমের ছেলে।ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর বিভিন্ন ধারায় একটি মামলা (মামলা নং-৩৬, তারিখ: ১০ জুন ২০২৬) রয়েছে। উক্ত মামলায় তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।