(মাদারীপুর) প্রতিনিধি | আব্দুল আহাদ খালাসী
মাদারীপুর-৩ আসনের কালকিনি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আজিজুল হক–এর ৯ বছর বয়সী ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী–সমর্থকদের বিরুদ্ধে।

আজ কালকিনি এলাকায় ছোট ছোট শিশুদের নিয়ে একটি শান্তিপূর্ণ হাতপাখা প্রতীকের মিছিল বের করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই সময় ধানের শীষ প্রতীকের একটি মিছিল এসে শিশুদের মিছিলে বাধা দেয়। একপর্যায়ে মিছিলে অংশ নেওয়া ৯ বছর বয়সী শিশুটির মাথায় আঘাত করা হয়।
আঘাতের পর শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে মাওলানা আজিজুল হক বলেন,
“মাদারীপুর-৩ আসনের কালকিনিতে নিরীহ শিশুদের মিছিলে এমন বর্বর হামলা গণতন্ত্র ও মানবিকতার চরম লঙ্ঘন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
ঘটনার পর কালকিনি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত বিএনপি পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং এলাকাবাসী দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।