শেফাইল উদ্দিন,কক্সবাজার
কক্সবাজারের রামুতে মায়ের হাতে মাত্র দুই মাস বয়সী শিশুপুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা রোমানা আক্তার (২৩)-কে আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়া প্রবাসী আব্দুল মালেকের ছেলে। শিশুটির বাবার বাড়ি রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়ায়। তবে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শিশুটির মায়ের বাবার বাড়ি চৌকিদার পাড়ায়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে রোমানা আক্তার তার দুই মাস বয়সী শিশুপুত্রকে নিয়ে বাড়ির রান্নাঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে শিশুটির গলা কাটার ঘটনা পরিবারের সদস্যদের নজরে আসে। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিসহ বিভিন্ন আলামত সংগ্রহের উদ্যোগ নেয় পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী রোমানা আক্তার মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। তবে পরিবারের বক্তব্যের ভিত্তিতে তাকে মানসিক ভারসাম্যহীন বলা যাচ্ছে না।
ওসি বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শিশুটিকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে তার মাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। চিকিৎসাগত পরীক্ষা ও তদন্তের পর তার মানসিক অবস্থার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”
পুলিশ জানায়, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত কারণ কী এবং এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মাত্র দুই মাস বয়সী শিশুর এমন নির্মম মৃত্যুর ঘটনায় চৌকিদার পাড়াসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শিশুটির এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা।