নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের মনোরম প্রাকৃতিক পরিবেশে মেঘ ভেলা রিসোর্টে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সামাজিক সচেতনতামূলক নাটক ‘অধিকার’। মানুষের ন্যায্য অধিকার, বৈষম্য, সামাজিক অসঙ্গতি ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নির্মিত নাটকটি দর্শকদের বিনোদনের পাশাপাশি সমাজের বাস্তব চিত্র তুলে ধরবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।উদ্বোধনী বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় ও হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের কাজ অব্যাহত রয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম হচ্ছে নাটক। ‘অধিকার’ নাটকের মাধ্যমে মানুষের বাস্তব জীবন, তাদের প্রত্যাশা ও ন্যায্য অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে।এটাই আমাদের প্রত্যাশা।”তিনি আরও বলেন, “শিল্প ও সংস্কৃতি মানুষের চিন্তা, বিবেক ও মানবিকতাকে জাগ্রত করে। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে ‘অধিকার’-এর মতো নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সকল শিল্পী, কলাকুশলী ও নির্মাণসংশ্লিষ্টদের সফলতা কামনা করছি।”নাটক ‘অধিকার’-এ অভিনয় করেছেন তারা মিয়া, মোঃ ফেরদৌস, মোঃ সবুজ, মৌ, মোঃ আব্দুল আজিজ, মোঃ সুজন, মোঃ আজহার আলী, মোঃ জুয়েল খান, মোঃ শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম রাজু, তিশাসহ আরও অনেকে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া ও মোঃ ইউনুছ আলী। এছাড়া নাট্যশিল্পী, কলাকুশলী, নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘অধিকার’ নাটকের গল্পে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের জীবনসংগ্রাম, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়া, সামাজিক বৈষম্য, মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং বিভিন্ন অসঙ্গতির বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাটকটির অন্যতম লক্ষ্য হলো,বিনোদনের পাশাপাশি দর্শকদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, মানবিকতা ও অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা।অনুষ্ঠানে অতিথিরা নাটকটির ভূয়সী প্রশংসা করেন এবং এর সঙ্গে জড়িত শিল্পী ও কলাকুশলীদের সাফল্য কামনা করেন। মেঘ ভেলা রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশে বর্ণাঢ্য এই উদ্বোধনী আয়োজনকে ঘিরে শিল্পী, দর্শক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।সামাজিক বাস্তবতা ও মানুষের অধিকারের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে ‘অধিকার’ নাটকের এই যাত্রা আগামী দিনে দর্শকদের মাঝে নতুন বার্তা পৌঁছে দেবে,এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।