শেফাইল উদ্দিন
ছোটদের হৃদয়ে নবীপ্রেম’—এই মহান প্রত্যয়কে সামনে রেখে শিশু-কিশোরদের মাঝে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, আদর্শ, চরিত্র ও শিক্ষা ছড়িয়ে দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সীরাত অলিম্পিয়াড ২০২৬।বুধবার (২৬ আগস্ট) আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামের হলরুমে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।সুশৃঙ্খল, আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে করে তোলে উৎসবমুখর। নবীপ্রেমের আবেগ এবং রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র সীরাত সম্পর্কে জানার গভীর আগ্রহে মুখর ছিল অনুষ্ঠানস্থল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামের প্রিন্সিপাল ও বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ মিছবাহ উদ্দীন।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক, চট্টগ্রাম বিআইএ জামে মসজিদের ইমাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ হাফেজ মাওলানা ক্বারী মাহফুজুর রহমান মিনহাজ।বিশেষ আলোচক ছিলেন মনসা ইসলামিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের অংশগ্রহণসীরাত অলিম্পিয়াডে শিক্ষার্থীদের বয়স ও শিক্ষাস্তর বিবেচনায় বিভিন্ন বিভাগে পৃথক ইভেন্টের আয়োজন করা হয়। লেভেল-৫ (দাওর বিভাগ)-এর শিক্ষার্থীরা চারটি ইভেন্টে এবং লেভেল-১ থেকে ৪ (কায়দা, আমপারা, নাজেরা ও হিফয বিভাগ)-এর শিক্ষার্থীরা দুটি ইভেন্টে অংশগ্রহণ করে।প্রতিটি ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখা তিনজন করে বিজয়ী শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সার্বজনীন নাতে রাসূল ﷺ পরিবেশনা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকেও তিনজনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।আয়োজনের বিশেষ দিক ছিল—শুধু বিজয়ীদের নয়, অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতেই বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় এবং তারা আরও আগ্রহ নিয়ে সীরাত ও ইসলামী জ্ঞানচর্চায় সম্পৃক্ত হওয়ার অনুপ্রেরণা পায়।নবীপ্রেমে গড়ে উঠুক আদর্শ প্রজন্মআয়োজকরা বলেন, একটি শিশুর হৃদয়ে রাসূলুল্লাহ ﷺ-এর ভালোবাসার বীজ বপন করা মানেই একটি সুন্দর, নৈতিক, আদর্শবান ও আলোকিত প্রজন্ম গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সীরাত অলিম্পিয়াডের মতো আয়োজন শিশু-কিশোরদের মহানবী ﷺ-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে সুন্দর ও আদর্শ জীবন গঠনে কুরআন-সুন্নাহর শিক্ষা অপরিহার্য। তাই শিশুদের হৃদয়ে ছোটবেলা থেকেই নবীপ্রেম ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।সফল এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সম্মানিত অতিথি, অভিভাবক, উস্তাদ-শিক্ষক, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করা হয়।অনুষ্ঠানের শেষাংশে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় শিশু-কিশোরদের হৃদয়কে রাসূলুল্লাহ ﷺ-এর ভালোবাসায় পরিপূর্ণ করা এবং তাঁর সুন্নাহ ও আদর্শ অনুসরণ করে জীবন গড়ার তাওফিক কামনা করা হয়।আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামের প্রত্যয়—“কুরআন, সুন্নাহ ও নৈতিকতার আলোয় গড়ে উঠুক আগামীর প্রজন্ম।”