সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট শ্রী শ্রী কৃষ্ণ মন্দির এবং মাচালং জগন্নাথদেব মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান।সোমবার বিকেলে তিনি মণ্ডপ দুটি পরিদর্শন করেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজার সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজ-খবর নেন তিনি।পরিদর্শনকালে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, ইউপি সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। আমি সকল পূজা মণ্ডপ কমিটিকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।পরিদর্শন শেষে তিনি সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজা মণ্ডপের সার্বিক সফলতা কামনা করেন।