রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে নতুন সংযোজন ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি এবং স্থানীয় মানুষের মধ্যে নিজ এলাকার প্রতি ভালোবাসা ও গর্ববোধ জাগিয়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, “মধুখালীবাসীর কথা বিবেচনা করেই ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি মধুখালীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে নিজের এলাকা নিয়ে ভালোবাসা ও গর্ববোধ জাগিয়ে তুলবে। উপজেলা পরিষদে আসা মানুষের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠবে বলে আশা করছি।” স্থানীয় বাসিন্দারা জানান, মধুখালীতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মধুখালীতে যোগদানের পর থেকেই উপজেলাটিকে সুন্দর, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধন সেই উদ্যোগের একটি নতুন সংযোজন বলে মনে করছেন তারা।স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মধুখালীর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি ‘আই লাভ মধুখালী’ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং মধুখালীর ইতিবাচক পরিচিতি তুলে ধরতে ভূমিকা রাখবে।