চট্টগ্রাম প্রতিনিধি:মো মাসুদ ইসলাম।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮ নম্বর লোকাল বাসের দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) তিন নারী শিক্ষার্থী হতাহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য (ELL) বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে আইআইইউসির কয়েকজন নারী শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে দুজনকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।এদিকে দুর্ঘটনায় শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর আহত অবস্থায় মাইশা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে পুরো আইআইইউসি পরিবার গভীরভাবে শোকাহত।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।এ মর্মান্তিক ঘটনার পর কর্তৃপক্ষের নির্দেশক্রমে মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে বলে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।অন্যদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আহত শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে নিহত শিক্ষার্থী মাইশা মুশফিরাতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ, বাসটির চালকের পরিচয় এবং আহত অপর দুই শিক্ষার্থীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।মাইশা মুশফিরাতের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।