বিশেষ প্রতিবেদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী সাব্বির জোমাদ্দার দায়িত্ব পেয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সংগঠনের সদ্য সাবেক সভাপতি মাহীন জামান ও সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম তুহিনসহ উপদেষ্টামণ্ডলীর সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল বিভাগীয় ছাত্র সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ কার্যবর্ষের জন্য ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসান বাবুকে সভাপতি এবং দর্শন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির জোমাদ্দারকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহসভাপতি তারিকুল ইসলাম তারেক (বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক আল হাদি মুগ্ধ, সাংগঠনিক সম্পাদক মো. আবু শাহাদাত লাবিব (ইংরেজি), দপ্তর সম্পাদক মো. সিফাতুল ইসলাম (যোগাযোগ ও সাংবাদিকতা), প্রচার সম্পাদক রাফিয়া ইসলাম রাফা (দর্শন) এবং অর্থ সম্পাদক রাতুল খান (ইতিহাস)।
নবগঠিত কমিটির সভাপতি হাসিবুল হাসান বাবু বলেন, ‘‘বরিশাল বিভাগীয় ছাত্র সমিতি শুধু একটি আঞ্চলিক সংগঠন নয়; এটি বরিশাল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সহযোগিতা ও পারস্পরিক বন্ধন তৈরির একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম। এই সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন পরিকল্পিত কার্যক্রম গ্রহণ করা হবে।’’