মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুই পুরুষ ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস উল্টে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহত বৃদ্ধ আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগমকে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাঁকে বারবার গতি কমানোর অনুরোধ করলেও তিনি তা শোনেননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় আরও অন্তত ১৫ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।