মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর:
স্বর্ণের বাজারদরের ওঠানামাকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও অসন্তোষ নিরসনে পারস্পরিক আস্থা, প্রতিশ্রুতি ও ন্যায্যতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার চেয়ারম্যান সমীর কর্মকার।তিনি বলেন, স্বর্ণের বাজারদর ওঠানামা করা স্বাভাবিক বিষয়। তবে বাজারমূল্য বাড়লে বা কমলে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষেরই প্রতিশ্রুতি ও ব্যবসায়িক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন।এক বক্তব্যে সমীর কর্মকার বলেন, স্বর্ণ কেনার জন্য অনেক ক্রেতা অগ্রিম টাকা দিয়ে বুকিং করেন। পরবর্তী সময়ে বাজারমূল্য বৃদ্ধি পেলে পূর্বনির্ধারিত মূল্য সমন্বয়ের বিষয়ে দোকানদারের সঙ্গে ক্রেতার মতবিরোধ দেখা দেয়। আবার বাজারমূল্য কমে গেলে অনেক ক্রেতা পণ্য বুঝে নিতে অনীহা প্রকাশ করেন। এ সময় ব্যক্তিগত, পারিবারিক ও বিভিন্ন বাস্তবতার কথা তুলে ধরে ডেলিভারি নিতে বিলম্ব করেন কেউ কেউ।তিনি বলেন, এমন পরিস্থিতিতে স্বর্ণ ব্যবসায়ীরা বিব্রতকর অবস্থায় পড়েন। একদিকে ক্রেতার প্রত্যাশা ও সম্পর্ক রক্ষা, অন্যদিকে ব্যবসার স্বচ্ছতা, আর্থিক দায়বদ্ধতা এবং প্রতিষ্ঠানের নিয়মনীতি, সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের ধৈর্য, বিচক্ষণতা ও বাস্তবতার আলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।সমীর কর্মকার আরও বলেন, ব্যবসা শুধু লাভ-লোকসানের হিসাব নয়; এটি বিশ্বাস, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্মানের সম্পর্ক। একজন ক্রেতার যেমন ন্যায্য প্রত্যাশা রয়েছে, তেমনি একজন ব্যবসায়ীরও রয়েছে ন্যায্য অধিকার ও স্বার্থ।তিনি বলেন, কারও একতরফা সুবিধা নয়, বরং ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বার্থ এবং ন্যায্যতা নিশ্চিত করা গেলে একটি সুন্দর, স্বচ্ছ ও সুস্থ ব্যবসায়িক পরিবেশ গড়ে উঠবে।