নিজস্ব প্রতিবেদক,বরগুনা
বরগুনা জেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন বরগুনার পুলিশ সুপার মো কুদরত ই খুদা। মতবিনিময় সভায় জেলার দুইশত প্রধান শিক্ষক অংশ নেয়।সভায় শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং বিদ্যালয় ত্যাগের প্রবণতা কমাতে গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভাপতি জেলা প্রশাসক বলেন, মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে।মতবিনিময় সভায় বরগুনা জেলার ৬টি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২০০ জন প্রধান শিক্ষক অংশ নেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে মতামত তুলে ধরেন। সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা এবং জেলা কালচারাল কর্মকর্তা।