চট্টগ্রাম প্রতিনিধি :মো মাসুদ ইসলাম।
চট্টগ্রাম বন্দরে পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে বার্থ, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগ ও পরিচালনায় নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বন্দরে অপারেটর হিসেবে কাজ করতে হলে আর্থিক সক্ষমতা, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং নির্ধারিত কর্মদক্ষতার শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি কার্যক্রম শুরুর আগে নির্বাচিত অপারেটরকে ৫০ লাখ টাকা জামানত অথবা সমপরিমাণ পারফরম্যান্স গ্যারান্টি জমা দিতে হবে।গত ৫ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২-এর ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন বিধিমালাটি প্রণয়ন করা হয়েছে।নতুন বিধিমালায় অপারেটরদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো—বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটর। বার্থ অপারেটররা বন্দরের জেটি ও বার্থে পণ্য ওঠানো-নামানোর দায়িত্ব পালন করবেন। টার্মিনাল অপারেটররা বিশেষায়িত কনটেইনার ও বহুমুখী টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড এবং সংশ্লিষ্ট লজিস্টিকস ব্যবস্থাপনা করবেন। অন্যদিকে, শিপ হ্যান্ডলিং অপারেটররা বহির্নোঙর, মুরিং বয়া ও নির্ধারিত জলসীমায় পণ্য খালাস, লাইটারেজ এবং বাল্ক পণ্য স্থানান্তরের কাজ করবেন।বিধিমালা অনুযায়ী, অপারেটর নিয়োগ ও লাইসেন্স নবায়নের প্রতিটি আবেদনের সঙ্গে ১ লাখ টাকা অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। নির্বাচিত অপারেটরদের পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। মেয়াদ শেষে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে মূল কর্মদক্ষতার সূচক (কেপিআই), নির্ধারিত ট্যারিফ অনুসরণ এবং সার্বিক পরিচালন মান যাচাই করা হবে।পরিচালন কার্যক্রমে আধুনিক ক্রেন, রিচ স্ট্যাকার, ফর্কলিফটসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং দক্ষ জনবল নিশ্চিত করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তাসামগ্রী সরবরাহ, ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনার সক্ষমতা অর্জন এবং বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।নতুন বিধিমালায় অনিয়ম, অবহেলা, নির্ধারিত ট্যারিফ লঙ্ঘন কিংবা বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির ক্ষেত্রে সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষকে। এসব অভিযোগের প্রমাণ পাওয়া গেলে অপারেটরের লাইসেন্স স্থগিত কিংবা বাতিল করা যাবে।এ ছাড়া বন্দরের বিভিন্ন সুবিধা, কনটেইনার ইয়ার্ড এবং বেসরকারি অফ-ডক বা ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) মধ্যে পণ্য ও কনটেইনার পরিবহন এবং হ্যান্ডলিংয়ের নিয়মও অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন বিধিমালায়।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ কেফায়েত হামিম জানান, নতুন বিধিমালার মাধ্যমে বন্দরের জেটি, টার্মিনাল, কনটেইনার ইয়ার্ড ও বহির্নোঙরে পণ্য এবং কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য অপারেটর নিয়োগ, দায়িত্ব বণ্টন, পরিচালন মানদণ্ড ও তদারকির একটি অভিন্ন আইনি কাঠামো তৈরি হয়েছে।সংশ্লিষ্টদের মতে, নতুন বিধিমালা কার্যকর হলে বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং ব্যবস্থাপনায় জবাবদিহি বাড়বে, পরিচালন কার্যক্রমে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।