সিনিয়র রিপোর্টার:
জাকির হোসেনমানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন লি: হাউজিং লিমিটেড। সংগঠনটির উদ্যোগে এবং বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতায় এক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যবই, শিক্ষা উপকরণ, প্রয়োজনীয় ওষুধ এবং নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত মো. শামছুল ইসলামের কন্যা, গার্মেন্টস কর্মী হাজেরা বেগমের মেয়ে সিফাত জান্নাত সুবহা (১৪)-এর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। তিনি বাগবাড়ী মিছিরোন নেছা জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন ঢাকা প্রেসক্লাব ও বিশ্ব আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের অন্যতম উদ্যোক্তা আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “মানবসেবাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। সমাজের অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাবে—এটি আমরা হতে দিতে চাই না। সিফাত জান্নাত সুবহা যত দূর পড়াশোনা করতে চায়, আমাদের সংগঠন তার পাশে থাকবে। কারণ শিক্ষাই একটি পরিবারের ভাগ্য পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনের ভিত্তি।”তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অন্তত একজন অসহায় মানুষের দায়িত্ব নেন, তাহলে দারিদ্র্য, শিক্ষাবঞ্চনা ও সামাজিক বৈষম্য অনেকটাই কমে আসবে। একটি মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজহার আলী বলেন, “বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন লি: হাউজিং লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানবিক সহায়তার এই কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, একটি শিশুর শিক্ষা নিশ্চিত করা মানেই একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করা।”এ সময় সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুস আলী, দপ্তর সম্পাদক মো. জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সাভার সমাজসেবা অফিস থেকে শিক্ষার্থী সিফাত জান্নাত সুবহার আর্থিক ও পারিবারিক দুরবস্থার বিষয়টি বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন লি: হাউজিং লিমিটেডের নেতৃবৃন্দকে অবহিত করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংগঠনটি দ্রুত মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও দেশের অসহায়, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। সমাজের প্রতিটি বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসারও আহ্বান জানানো হয়েছে।