সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চোরাকারবারীদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।অদ্য ০১ অক্টোবর ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর সুযোগ্য অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি মহোদয়ের নির্দেশক্রমে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।আনুমানিক ১১:০০ ঘটিকায় রিভারঘাট পোস্টের পোস্ট কমান্ডার হাবিলদার সমরেন্দ্র সিংহ এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মডেল টাউন এলাকায় এ অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় -৩৬.৭৪ ঘনফুট সেগুন কাঠ, ৩৩.১৭ ঘনফুট গামারী কাঠ সহ সর্বমোট ৬৯.৯১ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়।আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩,১৪,৫৯৫/- (তিন লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত পঁচানব্বই) টাকা। জব্দকৃত কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘাইছড়ি বন বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানি তৎপরতা বৃদ্ধি করেছে। তাদের এই তৎপরতা রোধে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। দেশের বনজ সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।