চট্টগ্রাম জেলা পুলিশচট্টগ্রাম প্রতিনিধি:
মো মাসুদ ইসলাম। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত এক সংবাদ সম্মেলনের ভিডিওর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়া হয়েছে।জেলা পুলিশের বক্তব্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে মীর মো. হাসান দাবি করেন, তিনি ২০১৮ সালে জঙ্গল সলিমপুরে ২১ শতক জমি কিনেছেন এবং তাঁর জমিতে বিজিবি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্প অপসারণের দাবিতে মানববন্ধন করায় জেলা পুলিশ সুপার তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।তবে জেলা পুলিশের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের জমির দলিল ও ভূমি-সংক্রান্ত তথ্য পর্যালোচনায় জমির পরিমাণ, দাগ নম্বর এবং বাস্তব দখলের মধ্যে উল্লেখযোগ্য অসংগতি পাওয়া গেছে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মীর মো. হাসান ২১ শতক জমি কেনার দাবি করলেও তাঁর দলিল অনুযায়ী ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর বিএস ২০১ নম্বর দাগে মাত্র ১ শতক জমি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। একইভাবে আসিফুল ইসলাম প্রায় ২৪ শতক জমি কেনার দাবি করলেও তাঁর দলিলে একই দাগে ৪ শতক জমির উল্লেখ রয়েছে। তাঁদের জমির নামজারি ও বাস্তব দখল নিয়েও অসংগতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।জেলা পুলিশের আরও দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের দখলে থাকা জমির একটি অংশ প্রাথমিকভাবে বিএস ২০৩ নম্বর দাগের সরকারি খাসজমি হিসেবে চিহ্নিত হয়েছে। এ কারণে প্রকৃত মালিকানা, দখল ও জমির সীমানা নির্ধারণে জেলা প্রশাসন এবং সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছিল।জঙ্গল সলিমপুরের ৯০ শতাংশ জমি সরকারি খাসজমিজেলা পুলিশের বক্তব্যে বলা হয়, জঙ্গল সলিমপুরের মোট জমির প্রায় ৯০ শতাংশ সরকারি খাসজমি। দীর্ঘদিন ধরে সেখানে সরকারি জমি অবৈধ দখল, পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস এবং জমি কেনাবেচার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।এলাকাটিতে অতীতে অপরাধী চক্রের প্রভাবের কারণে সাংবাদিক, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনেও বাধার মুখে পড়তে হয়েছে বলে উল্লেখ করেছে পুলিশ। দায়িত্ব পালনকালে একজন র্যাব সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনাও তুলে ধরা হয়।উন্নয়ন কার্যক্রম ও নিরাপত্তা জোরদারজেলা পুলিশ জানায়, সরকারের উদ্যোগে জঙ্গল সলিমপুরে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সরকারি খাসজমির সুষ্ঠু ব্যবহার এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একযোগে ছয়টি সড়কের উন্নয়নকাজ চলছে। পাশাপাশি সরকারি সম্পত্তি রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।পুলিশের ভাষ্য, সাধারণ বাসিন্দাদের উচ্ছেদ করা কিংবা তাঁদের বৈধ সম্পত্তির অধিকার কেড়ে নেওয়া সরকারের উদ্দেশ্য নয়। বরং সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা, প্রকৃত ভূমি মালিকদের অধিকার সুরক্ষা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য।অপপ্রচারের পেছনে ষড়যন্ত্রের অভিযোগজেলা পুলিশের বক্তব্যে আরও অভিযোগ করা হয়, জঙ্গল সলিমপুরে ভূমি দখল ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ইয়াসিন ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে প্রশাসনের বিরুদ্ধে উত্তেজনা তৈরির অপচেষ্টা চলছে বলেও দাবি করা হয়।এমনকি অর্থের বিনিময়ে কিছু নারীকে ব্যবহার করে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর বক্তব্য ও কথিত ভুয়া কাগজপত্র উপস্থাপনের অভিযোগও করেছে জেলা পুলিশ।পুলিশ জানায়, সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগ এবং ঘটনার পূর্ণ প্রেক্ষাপট তুলে না ধরার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।গুজবে কান না দেওয়ার আহ্বানজঙ্গল সলিমপুরের বাসিন্দাদের উদ্দেশে জেলা পুলিশ প্রকৃত দলিল, খতিয়ান, দাগ নম্বর, নামজারি ও মৌজা নকশা যাচাই করার আহ্বান জানিয়েছে। জমি-সংক্রান্ত কোনো প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট ভূমি অফিস, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।একই সঙ্গে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের এ ধরনের সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, ভূমি রেকর্ড ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধী চক্রের অপতৎপরতা দমনে অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।