শেফাইল উদ্দিন, কক্সবাজার
কক্সবাজারে নামীদামী সুপারশপ ও খাবার প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পচা-বাসি খাবার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে শহরের পরিচিত সুপারশপ ‘স্বপ্ন’, জামান রেস্টুরেন্ট এবং চৌরঙ্গী বেকারিকে সর্বমোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযানকালে ক্রেতাদের আস্থার জায়গা হিসেবে পরিচিত সুপারশপ ‘স্বপ্ন’-এর আউটলেটে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে, শহরের জনপ্রিয় জামান রেস্টুরেন্টের রান্নাঘর ও ফ্রিজে দীর্ঘদিনের পচা-বাসি খাবার সংরক্ষণসহ নানা অনিয়ম ধরা পড়ে। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলার দায়ে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।এছাড়া অভিযানে সবচেয়ে গুরুতর অনিয়মের চিত্র দেখা যায় চৌরঙ্গী বেকারির উৎপাদন কারখানায়। সেখানে স্যাঁতসেঁতে ও চরম অপরিচ্ছন্ন পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির পাশাপাশি খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর কৃত্রিম রং ও অতিরিক্ত রাসায়নিক মেশানোর প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি কারখানার পরিবেশ দ্রুত স্বাস্থ্যসম্মত করার কঠোর নির্দেশ দেওয়া হয়।অভিযান শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে জানান, জনসাধারণের সুস্থতা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। বড় ও পরিচিত প্রতিষ্ঠানগুলো যদি এভাবে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে, তবে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আরও কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এই নিয়মিত তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।এদিকে, ব্যবসায়ীদের একটি পক্ষ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দিলেও প্রশাসন তাতে পিছু হটেনি। বরং জনস্বার্থে পরিচালিত এই সাহসী অভিযানে কক্সবাজারের সর্বসাধারণ ও সচেতন মহলের ব্যাপক সমর্থন দেখা গেছে। নামীদামী প্রতিষ্ঠানগুলোর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, মানুষ বিশ্বাস করে এসব বড় প্রতিষ্ঠানে খাবার কিনতে যায়। সেখানে যদি এমন অনিয়ম হয়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? তাই খাদ্যে ভেজাল ও পচা-বাসি খাবার বিক্রেতাদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, নিয়মিত তদারকি এবং কঠোরতম শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।