শাহাব উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত লালখান বাজার ফুটওভার ব্রিজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ নভেম্বর, ২০২৬) বিকেলে লালখান বাজার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সিডিএ’র কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা লালখান বাজার। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। পাশে স্কুল, কলেজ, হাসপাতাল, মার্কেট ও অফিস থাকায় পথচারীদের চাপ সবসময় বেশি থাকে। এতদিন ফুটওভার ব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হতো। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটতো। নতুন এই ফুটওভার ব্রিজ চালু হওয়ায় এখন থেকে পথচারীরা নিরাপদে সড়ক পার হতে পারবেন।উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই প্রকল্প শুধু যানজট কমাবে না, মানুষের জীবনকে আরও নিরাপদ ও সহজ করবে। লালখান বাজার ফুটওভার ব্রিজ তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার নগরবাসীর নিরাপত্তা ও সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।তিনি আরও বলেন, উন্নয়ন মানে শুধু বড় বড় ভবন বা রাস্তা নয়, উন্নয়ন মানে মানুষের চলাচল নিরাপদ করা, সময় বাঁচানো ও জীবনযাত্রা সহজ করা। এই ফুটওভার ব্রিজটি নগরবাসীর সেই প্রত্যাশা পূরণ করবে। ব্রিজটি সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে আরও ফুটওভার ব্রিজ, আন্ডারপাস ও জনসুবিধামূলক স্থাপনা নির্মাণ করা হবে। লালখান বাজার ফুটওভার ব্রিজটি আধুনিক ডিজাইনে, প্রতিবন্ধী ও বয়স্কদের চলাচলের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে।বক্তারা আরও বলেন, এই ব্রিজ উদ্বোধনের ফলে লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট ও আশপাশের এলাকার মানুষ সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের জন্য এটি বড় স্বস্তির কারণ হবে।পরে ফিতা কেটে ফুটওভার ব্রিজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনের পরপরই পথচারীরা ব্রিজ দিয়ে চলাচল শুরু করেন। এ সময় স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।