বরগুনা প্রতিনিধি। জয়নাল আবেদীন রাজু
২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করতে বরগুনার গর্জনবুনিয়া এলাকায় সিডর স্মৃতিস্তম্ভ চত্বরে স্মরণসভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বরগুনা প্রেস ক্লাবের আয়োজনে এবং ১০ নম্বর নলটোনা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এবং নলটোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. শফিকুজ্জামান মাহফুজ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।স্মরণসভায় বক্তারা ২০০৭ সালের ১৫ নভেম্বরের ভয়াবহ সিডরের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে ওই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানো হাজারো মানুষের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার নলটোনা ও নিশানবাড়িয়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।স্মরণসভায় বক্তারা উপকূলীয় এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং উপকূলীয় জনপদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।