ফোরকান ইসলাম
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ উত্তর সম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা এনামুল হক সালাম হাওলাদার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সভায় উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন।
যোগদান উপলক্ষে বক্তব্যে এনামুল হক সালাম হাওলাদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এখনো তিনি ধারণ করেন। তবে ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান রাজনীতির সঙ্গে নিজের নীতি-নৈতিকতার মিল না থাকায় বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, জামায়াতের নীতি-নৈতিকতা, আদর্শ এবং দলটির আমির ডা. শফিকুর রহমানের রাজনৈতিক চিন্তাধারা তাঁকে আকৃষ্ট করেছে। পাশাপাশি বরগুনার দুটি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সুলতান আহমেদের নীতি-নৈতিকতাও তাঁর পছন্দ বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বলেন, এনামুল হক সালাম হাওলাদার একজন ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক মানুষ। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দীর্ঘদিন ধরে তিনি ধর্মভিত্তিক রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন। তাঁর স্ত্রী জামায়াতের রোকন এবং মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভানেত্রী বলেও জানান তিনি।
শাহাদাত হোসেন আরও বলেন, সালাম হাওলাদারের যোগদানের মধ্য দিয়ে মোকামিয়া ইউনিয়নকে ন্যায়ভিত্তিক ও হিংসামুক্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে তাঁদের।
অনুষ্ঠানে বেতাগী উপজেলা জামায়াতের আমির সাইদুল ইসলাম সোহরাব, নায়েবে আমির রফিকুল ইসলাম বিশ্বাস, মোকামিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নাসির উদ্দিন, সেক্রেটারি শামীম হোসেন ও বায়তুল সেক্রেটারি শরীফ মো. আমানুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।