শাহাব উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক, বিপিএম।গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে চট্টগ্রাম রেঞ্জে পদায়ন করা হয়। পরবর্তীতে ১৮ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক এর আগে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ডিএমপিতে যোগদানের আগে তিনি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সদর দপ্তরে কর্মরত ছিলেন। এছাড়া ২০২৪ সালের ১০ নভেম্বর তিনি চট্টগ্রামের ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কর্মক্ষেত্রে বিশেষ অবদান ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ পদক বিপিএম অর্জন করেছেন।নতুন দায়িত্বে তিনি চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১টি জেলার পুলিশ প্রশাসনের নেতৃত্ব দেবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।উল্লেখ্য, তাঁর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবদুল কুদ্দুস চৌধুরী। গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা ওই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছিল।