চট্টগ্রাম প্রতিনিধি মো: মাসুদ ইসলাম ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকারের ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার সংকুচিত করে নব্য বাকশাল কায়েমের চেষ্টা চলছে।মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেলে কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় মিলনায়তনে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ড. হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ ও জুলাইযোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি।তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সাহস পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। শুধু বিজিবি মোতায়েন কিংবা ডিসি-এসপিকে প্রত্যাহার করে সরকার দায় এড়াতে পারে না।স্থানীয় সরকার প্রসঙ্গে তিনি বলেন, জেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। এটি কার্যত নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা। জনগণের প্রত্যাশিত স্থানীয় সরকার নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।তিনি গোপালগঞ্জের সব সহিংস ঘটনার নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ জড়িতদের গ্রেপ্তার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ করা প্রশাসকদের নিয়োগ বাতিল এবং প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।ড. হামিদুর রহমান আযাদ বলেন, জনগণ নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে জীবন দেয়নি। সরকারকে সন্ত্রাস বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় সব ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীসহ জেলা কর্মপরিষদের সদস্য, উপজেলা আমীর-সেক্রেটারি ও ছাত্রনেতৃবৃন্দ।