শেফাইল উদ্দিন, কক্সবাজার
পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রসৈকত, ঝাউবন ও উন্মুক্ত বিনোদনকেন্দ্রগুলো একের পর এক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এবার কবিতা চত্বর ও শৈবাল পয়েন্টের ঝাউবন ঘিরে বাণিজ্যিক আয়োজন এবং প্রবেশমূল্য নির্ধারণের খবরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। উন্নয়নের নামে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস, উন্মুক্ত সৈকত সংকুচিত করা এবং স্থানীয় মানুষের বিনোদনের অধিকার খর্ব করার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ পরিস্থিতিতে কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশ ও স্থানীয় মানুষের অধিকার রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।স্থানীয়দের অভিযোগ, কক্সবাজার সমুদ্রসৈকতের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান ক্রমেই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। বালিয়াড়ি ও ঝাউবন ঘিরে সেনা কল্যাণ ট্রাস্টের বিলাসবহুল হোটেল ‘জলতরঙ্গ’ থেকে শুরু করে বিজিবির ‘উর্মি’, পুলিশের অফিসার্স মেস, জেলা প্রশাসনের বিয়াম এবং সর্বশেষ বিমান বাহিনীর স্থাপনা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘ মেরিন ড্রাইভ নিয়েও রয়েছে নানা আলোচনা।একসময় ডায়াবেটিস পয়েন্ট ছিল স্থানীয় মানুষের অন্যতম প্রিয় অবসর কাটানোর জায়গা। বিকেলে পরিবার-পরিজন নিয়ে সেখানে ঘুরতে যেতেন অনেকে। কিন্তু বর্তমানে সেখানে স্বাভাবিক প্রবেশ ও চলাচলে নানা বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।একইভাবে কবিতা চত্বর ও শৈবাল পয়েন্ট ছিল স্থানীয়দের অবাধে ঘোরাফেরা ও বিনোদনের অন্যতম জায়গা। সকাল-বিকেল ঝাউবনের ছায়ায় পরিবার নিয়ে সময় কাটাতেন বাসিন্দারা। কিন্তু এবার সেই ঝাউবন ঘিরেই শুরু হয়েছে বাণিজ্যিক আয়োজন। অভিযোগ উঠেছে, ঝাউগাছ কেটে এবং বনভূমির ভেতরে আলোকসজ্জা ও বিভিন্ন স্থাপনা তৈরি করে আয়োজন করা হচ্ছে ‘পর্যটন কার্নিভাল’। বসানো হচ্ছে বাণিজ্যিক স্টল, নেওয়া হচ্ছে মোটা অঙ্কের ভাড়া। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রবেশমূল্য।স্থানীয়দের দাবি, কার্নিভালে প্রবেশের জন্য জনপ্রতি ২০০ টাকা টিকিট নির্ধারণের কথা শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা ও টিকিটের শর্ত জানা জরুরি।এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক প্রতিবাদী বক্তব্যে প্রশ্ন তোলা হয়েছে, উন্মুক্ত সমুদ্রসৈকত ও ঝাউবনে প্রবেশ করতে সাধারণ মানুষকে কেন ২০০ টাকা দিতে হবে? পর্যটকদের বিনোদনের জন্য আয়োজন হতে পারে, বাণিজ্যিক কার্যক্রমও চলতে পারে; কিন্তু তার জন্য প্রকৃতি ধ্বংস করে স্থানীয় মানুষের স্বাভাবিক চলাচল ও বিনোদনের অধিকার সীমিত করা কতটা যৌক্তিক?প্রতিবাদী বক্তব্যে বলা হয়, আপত্তি নতুন আয়োজনের বিরুদ্ধে নয়; আপত্তি স্থানীয় মানুষের অধিকার হারানো এবং নিজেদের শহরেই ক্রমাগত বঞ্চিত হওয়ার বিরুদ্ধে। পর্যটকরা কক্সবাজারে এসে অর্থ ব্যয় করবেন, কেনাকাটা করবেন, বিনোদন উপভোগ করবেন—এতে কারও আপত্তি নেই। কিন্তু স্থানীয় মানুষকেও নিজেদের পরিচিত বিনোদনকেন্দ্রে যেতে একই ধরনের ব্যয় ও বিধিনিষেধের মুখে পড়তে হলে তা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়।স্থানীয়দের ভাষ্য, একদিকে আয় না বাড়লেও জীবনযাত্রার ব্যয় বাড়ছে, অন্যদিকে নিজেদের অবসর কাটানোর পরিচিত জায়গাগুলোও ধীরে ধীরে নিয়ন্ত্রণের আওতায় চলে যাচ্ছে। কক্সবাজার শুধু পর্যটন ব্যবসার কেন্দ্র নয়, এটি হাজারো স্থানীয় মানুষের বসবাস, আবেগ, ঐতিহ্য ও অধিকার জড়িয়ে থাকা একটি জনপদ।এদিকে এসব বিষয়ে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। তাঁদের মতে, উন্নয়নের নামে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য, ঝাউবন ও সাধারণ মানুষের উন্মুক্ত চলাচলের অধিকার ক্ষুণ্ন করা হলে ভবিষ্যৎ প্রজন্মকে এর মূল্য দিতে হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কক্সবাজারের সৈকত ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, সৈকতের সরকারি-বেসরকারি স্থাপনা, বাণিজ্যিক আয়োজন, ঝাউবন কাটা এবং প্রবেশমূল্য নির্ধারণের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, “কার্নিভালের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান বা বিরোধিতা নেই, আমাদের অবস্থান পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে। বৃক্ষ নিধন করে ও পরিবেশ ধ্বংস করে ঝাউবনের ভেতরে আয়োজন না করে এটি কোনো খোলা জায়গায় করা যেত। বসবাসযোগ্য পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”স্থানীয়দের স্পষ্ট দাবি, কক্সবাজার শুধু পর্যটন ব্যবসার কেন্দ্র নয়; এটি হাজারো মানুষের বসবাস, আবেগ ও ঐতিহ্যের জনপদ। সৈকতের বালিয়াড়ি ও ঝাউবন দখল, বৃক্ষ নিধন এবং উন্মুক্ত স্থানে প্রবেশমূল্য নির্ধারণের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রাকৃতিক পরিবেশ ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।