। চট্টগ্রাম প্রতিনিধি মোঃ মাসুদ ইসলাম ।
চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে গত ১৬ নভেম্বর ২০২৬ ইং তারিখে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পণ্য পরিবহন খাতের মালিক ও শ্রমিকদের বিভিন্ন সমসাময়িক সমস্যা, দাবি-দাওয়া এবং বিদ্যমান সংকট নিরসনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।বৈঠকে আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—১. ৯ দফা দাবি বাস্তবায়ন: গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে উত্থাপিত ৯ দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।২. ডিপোতে চাঁদাবাজি বন্ধ: বেসরকারি অফ-ডক কনটেইনার ডিপোগুলোতে পার্কিং চার্জের নামে শ্রমিকদের কাছ থেকে অবৈধ অর্থ আদায় এবং অতিরিক্ত ‘লেবার বকশিশ’-এর নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়।৩. পুলিশের হয়রানি বন্ধ: সাম্প্রতিক সময়ে গাড়ির কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নামে অহেতুক হয়রানি এবং কথিত পুলিশিং বাণিজ্য বন্ধের বিষয়ে আলোচনা হয়।৪. বন্দরে শ্রমিকদের হয়রানি নিরসন: বন্দরের ভেতরে ও বাইরে কর্মরত শ্রমিকদের বিভিন্ন ধরনের হয়রানি থেকে স্থায়ীভাবে মুক্তি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত প্রদর্শনের সুবিধার্থে আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে বন্দর প্রবেশ কার্ড প্রদানের দাবি উত্থাপন করা হয়।বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পণ্য পরিবহন খাতের বিদ্যমান সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।তারা মনে করেন, পণ্য পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।